৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ জুন, ২০২৬, আপডেট ০৮:৪০

বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের সব ধরনের মিডিয়া রাইটস বা সম্প্রচার স্বত্ব সরাসরি ক্রয় করছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) এই স্বত্ব কেনা হচ্ছে। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিভি কর্তৃক ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ ক্রয়ের এই প্রস্তাবটি প্রথম অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। সেখানে নীতিগত অনুমোদন পাওয়ার পর তা সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে তা অনুমোদন দিয়েছে।

জানা গেছে, বিটিভি কর্তৃক ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ ক্রয়ের মূল চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। সরাসরি ক্রয় প্রক্রিয়ায় ফিফা থেকে এই সম্প্রচার স্বত্ব কেনা হবে। এর ফলে দেশের ফুটবলপ্রেমীরা সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভির মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করার সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব বিভিন্ন থার্ড-পার্টি বা মধ্যস্বত্বভোগী এজেন্সির কাছ থেকে চড়া মূল্যে কিনতে হতো। তবে এবার সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে ‘অল মিডিয়া রাইটস’ কেনা হয়েছে।

‘অল মিডিয়া রাইটস’ বা সম্পূর্ণ সম্প্রচার স্বত্ব পাওয়ার কারণে বিটিভি কেবল স্যাটেলাইট টেলিভিশনই নয়, বরং তাদের টেরেস্ট্রিয়াল চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি অ্যাপের মাধ্যমেও এই খেলাগুলো প্রচারের আইনি অধিকার পাবে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইতিহাসে এই প্রথম রেকর্ডসংখ্যক ৪৮টি দল নিয়ে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। বিটিভির এই স্বত্ব ক্রয়ের ফলে বাংলাদেশের কোটি কোটি ফুটবল অনুরাগী কোনো ধরনের বাড়তি খরচ বা জটিলতা ছাড়াই ঘরে বসে এবং মোবাইল ডিভাইসে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ও মাঠের উত্তেজনা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading