“গ্রামের মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার প্রথম কারিগর শহীদ জিয়া”

“গ্রামের মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার প্রথম কারিগর শহীদ জিয়া”

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ জুন, ২০২৬, আপডেট ১৩:০৭

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সর্বপ্রথম শহীদ জিয়াউর রহমান কাজ করেছিলেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে শহীদ জিয়াউর রহমানেরের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সাখাওয়াত হোসেন বলেন, ‘শহীদ জিয়াউর রহমান জাতির জন্য অনেক দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, যেগুলোর পদাঙ্ক অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। শহীদ জিয়াউর রহমান সর্বপ্রথম স্বাস্থ্যসেবা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করেছিলেন, তিনি প্রতিটি থানার হেডকোয়ার্টারে ৩১ শয্যার হাসপাতাল করেন। তিনি ছিলেন পদপ্রদর্শক। তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন।’

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান শিশুদের বিনোদনের জন্য শিশু একাডেমি স্থাপন করেছিলেন। তিনি টেলিভিশনে শিশুদের নিয়ে প্রোগ্রাম করিয়েছিলেন। তিনি সহনশীলতার উদাহরণ রেখে গিয়েছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমান বিশাল বড় একটি রাজনৈতিক দল সৃষ্টি করে গিয়েছেন, যার শুরু আছে কোনো শেষ নেই। আমরা সবাই যেটার অংশ।

তিনি আরো বলেন, তিনি (শহীদ জিয়াউর রহমান) রাষ্ট্রপতি থাকাকালীন ৩১ শয্যার হাসপাতাল করলেন, এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবাকে সম্প্রসার করার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩১কে ৫০ শয্যায় উন্নীত করেন, এরও কৃতিত্ব শহীদ জিয়াউর রহমানের। এটারই ধারাবাহিকতায় আজকের প্রধানমন্ত্রী ৩১ বা ৫০ শয্যায় বিদ্যমান সব হাসপাতালকে ১০০ শয্যায় রুপান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পানিকে ধারণ করার জন্য আবারও আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। গতকালও একনেকে বিল পাস করেছি বরিশালের জন্য। এটারও কৃতিত্ব শহীদ জিয়াউর রহমানের, তার বিরুদ্ধে কোনো শত্রুও এক টাকার দুর্নীতির কথা বলতে পারেনি। আমরা শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করি।

সভায় স্বাস্থ্য প্রতিনমন্ত্রী ড. এম এ মুহিত, ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান ও ড্যাবের জহিরুল ইসলাম শাকিলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading