‘টয় স্টোরি ৫’ প্রিমিয়ারে সুইফটের চমক

‘টয় স্টোরি ৫’ প্রিমিয়ারে সুইফটের চমক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, আপডেট ০৮:০০

হলিউডের অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’র নতুন কিস্তি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। দর্শকদের সেই অপেক্ষার পারদ আরও বাড়িয়ে দিল ‘টয় স্টোরি ৫’-এর জমকালো ওয়ার্ল্ড প্রিমিয়ার। লস অ্যাঞ্জেলেসের হলিউডে অবস্থিত ডলবি থিয়েটারে বসেছিল এই তারকার মেলা।

তবে এবারের প্রিমিয়ারে দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছিলেন পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট। অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হয়ে ভক্তদের দারুণ এক চমক দেন এই গায়িকা। শুধু লাল গালিচায় হাঁটাই নয়, মঞ্চে উঠে সরাসরি পারফর্মও করেন তিনি। এই সিনেমার সাউন্ডট্র্যাকের জন্য তৈরি নিজের মৌলিক গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ গেয়ে শোনান সুইফট।

পারফরম্যান্সের সময় তার সঙ্গে মঞ্চে যোগ দেন এই ফ্র্যাঞ্চাইজির কিংবদন্তি সংগীত পরিচালক ও অস্কারজয়ী সুরকার র‌্যান্ডি নিউম্যান। নিউম্যানের পিয়ানোর সুরে সুইফটের কণ্ঠের মেলবন্ধন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। শুধু নিজের গানই নয়, এই ফ্র্যাঞ্চাইজির চিরচেনা থিম সং ‘ইউ’ভ গট আ ফ্রেন্ড ইন মি’ গেয়েও হলভর্তি দর্শক মাতান টেলর সুইফট।

ডিজনি ও পিক্সারের ‘টয় স্টোরি ৫’ সিনেমার গল্পে এবার থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। প্রিয় চরিত্র উডি (টম হ্যাংকস), বাজ লাইটইয়ার (টিম অ্যালেন) এবং জেসি (জোয়ান কিউস্যাক) সহ পুরো খেলনা দলটিকে এবার এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তাদের ছোট্ট বন্ধু বনির ঘরে আগমন ঘটে লিলি প্যাড (গ্রেটা লি) নামের একটি আধুনিক ট্যাবলেট ডিভাইসের। বনির জন্য আসলে কোনটি ভালো—তা নিয়ে খেলনাদের চিরন্তন ভাবনার বিপরীতে একদম নিজস্ব কিছু আইডিয়া নিয়ে হাজির হয় এই ট্যাবলেটটি। আর এ নিয়েই জমজমাট রূপ নেয় সিনেমার গল্প।

সিনেমাটি পরিচালনা করেছেন একাডেমি পুরস্কার বিজয়ী জনপ্রিয় পরিচালক অ্যান্ড্রু স্ট্যান্টন, যার ঝুলিতে রয়েছে ‘ওয়াল-ই’, ‘ফাইন্ডিং নেমো’ এবং ‘ফাইন্ডিং ডোরি’র মতো মাস্টারপিস। সহ-পরিচালক হিসেবে তার সঙ্গে আছেন কেন্না হ্যারিস। সিনেমাটি প্রযোজনা করেছেন লিন্ডসে কলিন্স। বরাবরের মতোই এর আবহ সংগীতের দায়িত্বে আছেন অস্কারজয়ী র্যান্ডি নিউম্যান, এটি টয় স্টোরি ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমায় তার পঞ্চম কাজ।

জমকালো এই প্রিমিয়ারে সিনেমার মূল কণ্ঠশিল্পীরা হাজির হয়েছিলেন। লাল গালিচায় দেখা মেলে টম হ্যাংকস, টিম অ্যালেন, জোয়ান কিউস্যাক, কোনান ও’ব্রায়েন, গ্রেটা লি, ক্রেগ রবিনসন, টনি হেল এবং স্কারলেট স্পিয়ার্সের মতো তারকাদের।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading