ভাসানী হল রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের: সুলতান সালাউদ্দিন টুকু

ভাসানী হল রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের: সুলতান সালাউদ্দিন টুকু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ জুন, ২০২৬, আপডেট ১৪:২৭

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ভাসানী হলকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানিয়েছেন, মিলনায়তনটি সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে পুনরায় ব্যবহারযোগ্য করার উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে টাঙ্গাইল শহরের জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মওলানা ভাসানীর অবদানের কথা স্মরণ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মওলানা ভাসানী বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়েছেন। ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ। টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে যারা বিচরণ করেন, তাদের জন্য বর্তমানে উপযুক্ত কোনো জায়গা নেই। কাজেই তার স্মৃতিবিজড়িত এই ভাসানী হলকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের।’

মিলনায়তনটির বেহাল দশার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই হলটি উদ্বোধন করেছিলেন। টাঙ্গাইলকে একসময় সাংস্কৃতিক নগরী বলা হতো। সেই নগরীতে এভাবে একটি মিলনায়তন অযত্নে পড়ে থাকবে, তা হতে পারে না। ইতিমধ্যেই আমরা এটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। মডেল টাঙ্গাইল গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি; তাই যত দ্রুত সম্ভব এটি সংস্কারের পদক্ষেপ নেয়া হবে।’

পরিদর্শনকালে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading