আব্বাস আরাঘচির পদত্যাগের দাবিতে ইরানে বিক্ষোভ

আব্বাস আরাঘচির পদত্যাগের দাবিতে ইরানে বিক্ষোভ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ জুন, ২০২৬, আপডেট ১২:৩৫

আমেরিকার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে মন্তব্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৩ জুন) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আরাঘচির পদত্যাগ দাবি করেন প্রতিবাদকারীরা।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচির মন্তব্যের পর আমেরিকার সঙ্গে সরাসরি যোগাযোগের বিরোধী এবং যেকোন চুক্তি নিয়ে সন্দিহান কট্টরপন্থি গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়েন তিনি।

ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শনিবার মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। কালো চাদর পরিহিত নারীদের লাল ও কালো পতাকা নাড়াতে দেখা যায়। এ সময় তারা ‘অপমানজনক আরাঘচির মৃত্যু হোক, অনুপ্রবেশকারীর মৃত্যু হোক’ এমন স্লোগান দেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও কিছু ভিডিওতে তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে বিক্ষোভকারীদের ‘আরাঘচি পদত্যাগ করো’ এবং ‘ঘালিবাফ পদত্যাগ করো’ স্লোগান দিতে দেখা গেছে।

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলেন আরাঘচি। তিনি বলেন, আলোচনায় থাকা চুক্তির অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর আমেরিকার আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করা হবে। এসময় তিনি হরমুজ প্রণালিকে ইরানের ‘প্রধান প্রতিরোধমূলক উপকরণগুলোর’ একটি হিসেবে উল্লেখ করেন।

চূড়ান্ত কোনচুক্তি হয়েছে বলে তিনি ঘোষণা না দিলেও তার বক্তব্যে কূটনৈতিক যোগাযোগের পথ এখনও বিবেচনায় রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়।

আমেরিকার সঙ্গে সম্ভাব্য এই চুক্তি ইরানের কট্টরপন্থি মহলের বিরোধিতার মুখে পড়েছে। সমালোচকদের দাবি, এ ধরনের চুক্তি ইরানের স্বার্থ রক্ষা করবে না এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তেহরানের প্রভাব কমিয়ে দিতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading