নারীদের জন্য ২টি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের জন্য ২টি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ জুন, ২০২৬, আপডেট ১৫:১২

দেশে শুধুমাত্র নারীদের উন্নত চিকিৎসার জন্য দেড় হাজার শয্যার ২টি বিশেষায়িত স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এর পাশাপাশি সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে ৮০ হাজার থাকবে নারী বলেও জানান তিনি।

রবিবার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটসহ দেশের ১০ জেলায় সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যখাতে সরকার বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই পরিকল্পনার আওতায় সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। যার মধ্যে শুধুমাত্র নারীদের জন্য দেড় হাজার শয্যার ২টি বিশেষায়িত হাসপাতাল হবে। বাকি ১৮ টি হাসপাতাল হবে ১ হাজার শয্যার। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, মাতৃসেবা ও সাধারণ চিকিৎসার সুবিধাও থাকবে।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেয়া হবে এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টারও সংযুক্ত করা হবে। মানুষের ঘরে ঘরে উন্নিত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, এর মধ্যে ৮০ হাজার থাকবেন নারী স্বাস্থ্য কর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন।

এর আগে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল পরিদর্শন করে রান্নাঘরসহ হাসপাতালে ময়লা আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে জেলা সিভিল সার্জনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন না করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কঠোর হুঁশিয়ারিও দেন স্বাস্থ্যমন্ত্রী। বিষয়টি তদারকি করতে জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে দায়িত্ব দেন তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading