স্ট্যানফোর্ডের সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে সুন্দর পিচাই

স্ট্যানফোর্ডের সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে সুন্দর পিচাই

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, আপডেট ১৮:৩৮

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই। প্যালেস্টাইনি গণহত্যা চালানো ইসরাইল সরকারের সঙ্গে গুগলের একটি বিতর্কিত চুক্তির প্রতিবাদে ওয়াকআউট করেন শিক্ষার্থীদের একাংশ।

গত রবিবার (১৪ জুন) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠান ছিল। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সেখানে বক্তব্য দেয়ার কথা ছিল সুন্দর পিচাইয়ের। প্রতিবেদন মতে, অনুষ্ঠানের মঞ্চে সুন্দর পিচাইয়ের নাম ঘোষণা হতেই শুরু হয় বিক্ষোভ।

ছাত্রছাত্রীরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে প্যালেস্টাইনের পতাকা নাড়তে ও বাঁশি বাজাতে শুরু করেন। এরপর স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ছাত্রছাত্রীরা। সেই ঘটনারই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, স্নাতক পোশাক ও টুপি পরে বহু শিক্ষার্থী অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এসময় কেউ কেউ সুন্দর পিচাইয়ের উদ্দেশে বিদ্রুপ ও হুঁশিয়ারিমূলক স্লোগানও দেন।

‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন’ এবং ‘নো টেক ফর অ্যাপারথাইড’ নামে দুই সংগঠনের উদ্যোগে এই ওয়াকআউট আয়োজন করা হয়।

গুগলের প্রধান নির্বাহীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের কারণ ইসরাইল সরকারের সঙ্গে গুগলের একটি বিতর্কিত চুক্তি। ‘প্রোজেক্ট নিম্বাস নামে ওই চুক্তির ফলে ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ও সামরিক বাহিনী গুগলের উন্নত এআই প্রযুক্তি এবং ডেটা সেন্টার ব্যবহারের সুযোগ পাবে।

মানবাধিকারকর্মীদের মতে, এই প্রজেক্টের উন্নত এআই ও ইমেজ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ইসরাইলি সামরিক বাহিনী প্যালেস্টাইনিদের ওপর নজরদারি ও সামরিক অভিযান চালাবে। বিতর্কিত এই কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছর ধরে গুগলের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ তারই ধারাবাহিকতা। ম্যাটব্রাউন নামের একটি এক্স হ্যান্ডল থেকে বিক্ষোভের একটি ভিডিও পোস্ট করার পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন।

অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার পর অনেক শিক্ষার্থী ‘পিপলস কমেন্সমেন্ট’ নামক একটি পৃথক অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ খলিল। যিনি ২০২৪ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনিপন্থি আন্দোলনে অংশ নেওয়ার কারণে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হাতে ১০০ দিনেরও বেশি সময় আটক ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading