সোমবার পর্যন্ত ইন্ডিয়ায় টেলিগ্রাম বন্ধ

সোমবার পর্যন্ত ইন্ডিয়ায় টেলিগ্রাম বন্ধ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, আপডেট ১৯:২৫

শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নফাঁস ও প্রতারণার অভিযোগে সোমবার পর্যন্ত ইন্ডিয়ায় টেলিগ্রাম মেসেজিং অ্যাপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে আগে প্রকাশিত বার্তাগুলো সম্পাদনার সুবিধাও বন্ধ করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ইন্ডিয়ার তথ্যপ্রযুক্তি আইনের একটি কঠোর ধারার আওতায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় স্বার্থ ও পরীক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইন্ডিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, ২১ জুন অনুষ্ঠিতব্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতারণার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করতে কয়েকটি চক্র টেলিগ্রাম ব্যবহার করছিল।

এর আগে গত মাসে মেডিকেল কলেজে ভর্তির জন্য অনুষ্ঠিতব্য নিট পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। পরে সরকার ওই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার আয়োজনের ঘোষণা দেয়। এ ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ শুরু হয়।

প্রশ্নফাঁসের প্রতিবাদে তরুণদের মধ্যে একটি ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলনও ছড়িয়ে পড়ে, যার নাম দেওয়া হয় ‘ককরোচ জনতা পার্টি’। আন্দোলনকারীরা দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

ইন্ডিয়ায় টেলিগ্রাম তরুণদের মধ্যে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ ও বার্তা আদান-প্রদানের মাধ্যম হলেও হোয়াটসঅ্যাপ এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম।

সরকার জানিয়েছে, টেলিগ্রাম বন্ধ করা একটি “শেষ পদক্ষেপ”। এর আগে প্ল্যাটফর্মটিতে থাকা আপত্তিকর ও অবৈধ কনটেন্ট সরানোর অনুরোধ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

তবে অধিকারকর্মীদের একটি অংশ বলছে, অনলাইন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে এই ধরনের আইন ব্যবহার করে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা হতে পারে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading