‘এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’
উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ জুন, ২০২৬, আপডেট ১৫:৫৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি বলেন, আগামী ১ বছরের মধ্যে সকল নারী চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে চায় সরকার।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সুইচ টিপে তৃতীয় ধাপের ফ্যামেলি কার্ড উদ্বোধন করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী ১০ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেন। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার ১৫৫ জন উপকারভোগীকে এই ভাতা দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকদের চিকিৎসাসহ নানা সহায়তা অব্যাহত রাখবে সরকার। বিএনপি সরকারের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।
তারেক রহমান বলেন, চা শ্রমিকদের ঘর করে দিতে ৫০ জনকে দুই লাখ টাকা দিচ্ছে সরকার। ১৫০ জন চা শ্রমিকদের সন্তানদের স্কলারশিপ দেয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিমানবন্দর সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগে থেকেই অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে ভিড় করেন হাজারো মানুষ।
ইউডি/রেজা

