৫০ জুলাইযোদ্ধা চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

৫০ জুলাইযোদ্ধা চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, আপডেট ১৮:৪৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত ১৫২ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়ায় প্রেরণ করা হয়েছে। ১০২ জন চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত এসেছেন। বর্তমানে ৫০ জন জুলাইযোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব তথ্য জানান।

সংরক্ষিত নারী সংসদ সদস্য রোকেয়া বেগম প্রশ্ন রেখে বলেন, সারা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আহত প্রায় ৩০ হাজার যোদ্ধার চিকিৎসা পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক ভাতার বিষয়ে সরকারের কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী?

জবাবে আহমেদ আযম খান বলেন,জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে মেডিকেল বোর্ডের সুপারিশ ও স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাব মোতাবেক উন্নত চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশের মিশনসমূহ বিদেশে চিকিৎসা কার্যক্রম তদারকি করছে। এ পর্যন্ত গুরুতর আহত ১৫২ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়ায় প্রেরণ করা হয়েছে, তন্মধ্যে ১০২ জন চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত এসেছেন। বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

পুনর্বাসন ও কর্মসংস্থান জানিয়ে তিনি আরও বলেন, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের নিমিত্ত আগ্রহী ৩২৪১ জনের ডাটাবেজ তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

মাসিক সম্মানী ভাতা প্রসঙ্গে তিনি বলেন, জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত মোট ১৪৩৬৯ জনের মধ্যে ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক একাউন্টে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানী ভাতা (ক-শ্রেণি প্রতিজন ২০,০০০ টাকা, খ-শ্রেণি প্রতিজন ১৫,০০০ টাকা, গ-শ্রেণি প্রতিজন ১০,০০০ টাকা হারে) দেওয়া হচ্ছে। অবশিষ্ট জুলাই যোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading