ইঞ্জিনে ত্রুটি: ফেনীতে সাড়ে তিন ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ইঞ্জিনে ত্রুটি: ফেনীতে সাড়ে তিন ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ জুন, ২০২৬, আপডেট ১৪:৫৫

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ও ধোঁয়া বের হওয়ার কারণে সাড়ে তিন ঘণ্টা আটকে থাকার পর বিকল্প ইঞ্জিন লাগিয়ে গন্তব্যের উদ্দেশে ফেনী স্টেশন ছেড়েছে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস।

শনিবার (২০ জুন) সকাল ৮টা ২২ মিনিটের দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ফেনী জংশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

আকস্মিক এ ঘটনায় ট্রেনটির অন্তত ৮০০ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ অপেক্ষার পর অনেকেই টিকিট বাতিল করে সড়কপথে গন্তব্যে রওনা হন।

দেখা যায়, মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মোটরে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হলে নিরাপত্তার কারণে সেটিকে স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়। দীর্ঘ সময় ট্রেনে আটকে পড়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান। অনেক যাত্রী প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকেন। আবার কেউ কেউ জরুরি গন্তব্যে পৌঁছাতে রেলযাত্রা বাতিল করে সড়কপথ বেছে নেন।

ফেনী রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ হারুন বলেন, ‘বিকল ইঞ্জিনের পরিবর্তে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ইঞ্জিন আনা হয়। সেটি সংযুক্ত করে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।’

তিনি আরও জানান, স্টেশনের একটি লাইনে ট্রেনটি আটকে থাকলেও অন্য দুটি লাইন সচল থাকায় এ রুটে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading