ভর্তি ও আবেদনের সময় বাড়াল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ভর্তি ও আবেদনের সময় বাড়াল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ জুন, ২০২৬, আপডেট ১৬:৫৯

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি অনলাইনে জমা দেওয়া যাবে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত। তবে ভর্তি নির্দেশিকায় উল্লেখিত অন্যান্য শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে নেওয়া এ পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। পাশাপাশি পছন্দের বিষয় পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক থাকবে।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে থাকা সরকারি সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading