কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী যাত্রী আটক
উত্তরদক্ষিণ। রবিবার, ২১ জুন, ২০২৬, আপডেট ১৫:৪৭
কক্সবাজার বিমানবন্দরে ঢাকা যাওয়ার পথে ৯ হাজার ৮২৫টি ইয়াবাসহ জেসমিন আক্তার (৩৭) নামে এক নারী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
রবিবার (২১ জুন) সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের সময় এই বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক জেসমিন আক্তার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়নহাট এলাকার মৃত হারুন মিয়ার মেয়ে।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার মোহাম্মদ গোলাম মুর্তুজা বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কক্সবাজার থেকে নভোএয়ারের ঢাকাগামী প্রথম ফ্লাইটের ওই নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর তার হোল্ড লাগেজ স্ক্যানিং করা হচ্ছিল। এ সময় স্ক্যানিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের স্ক্রিনে লাগেজটিতে সন্দেহজনক বস্তুর উপস্থিতি ধরা পড়ে।
তিনি আরও জানান, পরবর্তীতে নারী যাত্রীর উপস্থিতিতে লাগেজটি খুলে তল্লাশি চালানো হয়। এ সময় তার ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করা অবস্থায় কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করে দেখা যায়, সেখানে ৯ হাজার ৮২৫টি ইয়াবা রয়েছে। মাদকসহ হাতেনাতে ধরা পড়ায় ঘটনাস্থল থেকেই ওই নারীকে আটক করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারী যাত্রীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইউডি/রেজা

