বরিশালে ক্লাসরুমে পারফিউম স্প্রে, শ্বাসকষ্টে হাসপাতালে ১৫ শিক্ষার্থী

বরিশালে ক্লাসরুমে পারফিউম স্প্রে, শ্বাসকষ্টে হাসপাতালে ১৫ শিক্ষার্থী

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ জুন, ২০২৬, আপডেট ১৭:৫৯

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে পারফিউম বডি স্প্রের তীব্র ঘ্রাণে একসঙ্গে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নবম শ্রেণির পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণির এক শিক্ষার্থী সহপাঠীদের মধ্যে পারফিউম বডি স্প্রে ব্যবহার করে। মুহূর্তের মধ্যেই তীব্র ঘ্রাণে আশপাশের শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাব অনুভব করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে মোট ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন, তানজু, তানজিলা, শারামনি, সাদিয়া ও বিথী। তাদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া বলেন, ক্লাস চলাকালে এক শিক্ষার্থী পারফিউম স্প্রে ব্যবহার করলে তীব্র ঘ্রাণে আশপাশের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজিত ঢালি জানান, ১৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading