স্টেডিয়াম বুকিং, রাস্তা বন্ধ- কতটা রাজকীয় হবে সুইফটের বিয়ে?

স্টেডিয়াম বুকিং, রাস্তা বন্ধ- কতটা রাজকীয় হবে সুইফটের বিয়ে?

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ জুন, ২০২৬, আপডেট ০৮:২০

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা টেলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে বলে কথা! সানাই বাজতে যাচ্ছে শিগগিরই, খবর এমনই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে হবে আয়োজন; তাও যেন তেন আয়োজন নয়। স্টেডিয়াম বুকিং, রাস্তা বন্ধ- এমন কানাঘুষা হতেই জোর জল্পনা। অবশ্য, মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেই উঠে এসেছে এমন তথ্য।

গত বুধবারে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেন বুকিং ও তার চারপাশের রাস্তা আগামী ২ জুলাই থেকে ৪ জুলাই দুপুর পর্যন্ত বন্ধ রাখার জন্য নগর কর্তৃপক্ষের কাছে একটি অনুমতিপত্র জমা দেওয়া হয়েছে। আগামী ২ ও ৩ জুলাই সেখানে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের সূচি রয়েছে। এ বিষয়ে জানেন এমন তিনজনের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এই খবর প্রকাশ করেছে।

এছাড়াও নিউ ইয়র্ক সিটি হলের মুখপাত্র ডোরা পেকেচ আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে এই বিশেষ অনুমতির আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সূত্র জানিয়েছে, দুই দিনব্যাপী এই বিয়ের অনুষ্ঠানটি হবে বেশ রাজকীয়। থাকবে শতাধিক হাই প্রোফাইল অতিথি। তবে প্রথম দিনের আয়োজন হবে ছোট; ঘরোয়া। কিন্তু পরদিনের অনুষ্ঠানে হবে ব্যাপক সমাগম; প্রায় ১ হাজার অতিথির উপস্থিতিতে বড় পরিসরে মূল উৎসবটি উদযাপিত হবে। যেখানে তারকাদের মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে।

এদিকে ট্রাভিস কেলসির ফুটবল দল ‘কানসাস সিটি চিফস’-এর বেশ কয়েকজন খেলোয়াড় দ্বিতীয় দিনের আয়োজনকে কেন্দ্র করে টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকুইস হোটেলে রুম বুক করেছেন।

অনুষ্ঠান পরিকল্পনাকারী প্রতিষ্ঠান উইনিক প্রোডাকশনস গত জুনের শুরুতে এই রাস্তা ব্যবহারের আবেদনটি করেছিল। আবেদনে তারা ৫০০ থেকে ৯৯৯ জন অতিথির উপস্থিতির কথা উল্লেখ করে স্টেডিয়ামের বাইরে একটি বিশেষ তাঁবু বা ছাউনি বসানোর অনুমতি চায়।

তবে আগামী জুলাই মাসেই এই বিয়ে সম্পন্ন হচ্ছে কি না, তা নিশ্চিত করেননি টেলর সুইফট ও ট্রাভিস কেলসির কেউ।

এর আগে গত সপ্তাহে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানী এক বক্তব্যে টেইলর সুইফটের বিয়ে খুব দ্রুতই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বলার সময় গায়িকার বিয়ের প্রসঙ্গ টেনে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বড় বড় ইভেন্ট আয়োজন করতে অভ্যস্ত এবং এটি নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা জানি এটি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল, আমেরিকার ২৫০তম জন্মদিন এবং টেইলর সুইফটের বিয়ের সাথে একই সময়ে মিলে যাচ্ছে। বিশ্বকে এখানে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

সর্বকালের অন্যতম সফল সংগীতশিল্পী টেলর সুইফট এবং তিনবারের সুপার বোল চ্যাম্পিয়ন ট্রাভিস কেলসি গত আগস্টে তাদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই এই তারকা যুগল কবে এবং কোথায় বিয়ে করবেন, তা নিয়ে বিশ্বজুড়ে তাদের ভক্তদের মাঝে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading