ইতিহাসে প্রথমবার কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান পেলো এনবিআর
উত্তরদক্ষিণ। সোমবার (২৯ জুন) ২০২৬, আপডেট ২৩:২০
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য আহসান হাবিব।
সোমবার প্রজ্ঞাপন জারি করে আহসান হাবিবকে মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত করে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
তার এই নিয়োগের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো এনবিআর কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।
এনবিআরের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের মেয়াদবৃদ্ধি নাকি নতুন কেউ আসিন হবেন চেয়ারম্যান পদে- তা নিয়ে কয়েক দিন ধরে চলছিলো নানা জল্পনা–কল্পনা । এনবিআরের কয়েকজন বর্তমান ও সাবেক সদস্যদের নিয়েও ছিলো আলোচনা।
অবশেষে এনবিআরের নিজস্ব জনবল থেকে নতুন চেয়ারম্যান নিয়োগ পাওয়ায় খুশি সংস্থাটির কর্মকর্তারা। নতুন নিয়োগ পাওয়া আহসান হাবিব এনবিআরের সদস্য হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন।
অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি অনুসন্ধানের নেতৃত্ব দেন আহসান হাবিব। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবার, শীর্ষ আমলা এবং ১২টি করপোরেট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি, বিদেশে অর্থপাচার ব্যাপকভাবে তদন্ত করেন এবং কয়েক শ কোটি টাকা কর ফাঁকি উদঘাটন করেন। এ সময় তিনি বেশ আলোচনায় আসেন।
আহসান হাবিব ১৯৬৯ সালে ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৫তম কর ক্যাডারে দ্বিতীয় স্থান লাভ করেন। প্রশিক্ষণের জন্য তিনি বুলগেরিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া ও ভারতে গিয়েছিলেন। ব্যক্তিজীবনে আহসান হাবিব বিবাহিত এবং দুই সন্তানের পিতা। তার ছেলে আমেরিকায় এবং মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে।
বর্তমান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের চাকরির মেয়াদের শেষ কর্মদিবসে নতুন চেয়ারম্যান নিয়োগ দিল সরকার।
ইউডি/এবি

