জয়ের আনন্দ শেষ না হতেই বড় দুঃসংবাদ ব্রাজিল শিবিরে

জয়ের আনন্দ শেষ না হতেই বড় দুঃসংবাদ ব্রাজিল শিবিরে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, আপডেট ১২:৩৫

উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ সময়ের গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর গণ্ডিতে পৌঁছেছে ব্রাজিল। তবে জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে চোট পেয়েছেন দলের দুই অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকুয়েতা ও ক্যাসেমিরো। ফলে পরবর্তী ম্যাচে তাদের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে অস্বস্তি অনুভব করেন পাকুয়েতা। বিরতির পর মাঠে ফিরলেও তাকে স্বাভাবিকভাবে দৌড়াতে দেখা যায়নি। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি না নিয়ে কোচ কার্লো আনচেলত্তি দ্রুত তাকে তুলে নেন। তার জায়গায় মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক।

ম্যাচ শেষে বেঞ্চে বসে পাকুয়েতার পায়ে বরফের সেঁক দিতে দেখা যায়। তার মুখেও ছিল উদ্বেগের ছাপ, যা ব্রাজিল সমর্থকদের উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে ম্যাচে সমতাসূচক গোল করা ক্যাসেমিরোও শেষ পর্যন্ত চোট এড়াতে পারেননি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে উরুতে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসার পরও খেলা চালিয়ে যেতে না পারায় তাকে বদলি করা হয়। তার পরিবর্তে মাঠে নামেন ফ্যাবিনিও।

যদিও ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে জয় উদযাপনে ক্যাসেমিরোকে হাসিখুশি দেখা গেছে, তবু তার চোটের প্রকৃতি নিয়ে এখনই নিশ্চয়তা দিচ্ছে না ব্রাজিল শিবির।

আগামী ৬ জুলাই (বাংলাদেশ সময় রাত ২টা) নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে পাকুয়েতা ও ক্যাসেমিরো খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে মেডিকেল পরীক্ষার ফলাফলের ওপর।

ব্রাজিলের মাঝমাঠে এই দুই অভিজ্ঞ ফুটবলারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের একজন বা দুজনই যদি ছিটকে যান, তাহলে নকআউট পর্বে কৌশলগত পরিবর্তন আনতে বাধ্য হবেন কোচ কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপ জয়ের ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা ব্রাজিলের জন্য তাই জাপানের বিপক্ষে জয় যতটা স্বস্তির, দুই মিডফিল্ডারের চোট ততটাই বাড়িয়ে দিয়েছে দুশ্চিন্তা। এখন পুরো নজর মেডিকেল রিপোর্টের দিকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading