অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, আপডেট ১২:৩৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়। মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ের আদেশ দেবেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

প্রসিকিউশন জানায়, অভিযোগ গঠনের আদেশের দিন গ্রেপ্তার আসামিদের উপস্থিত থাকতে হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেপ্তার পাঁচজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চার আসামিকে কারাগার থেকে আনলেও অসুস্থতাজনিত কারণে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন ফজলে করিম। ফলে তাকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়।

এ মামলায় গ্রেপ্তার অপর চার আসামি হলেন- যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

পলাতকরা হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

এর আগে, ৭ এপ্রিল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে শহীদ করার দায় আনা হয়। এছাড়া জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার কথা তিন নম্বর অভিযোগে উল্লেখ করা হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading