জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের চরম বিপর্যয়, হারল ইনিংস ব্যবধানে

জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের চরম বিপর্যয়, হারল ইনিংস ব্যবধানে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, আপডেট ১৮:০৫

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পরের সিরিজেই মুদ্রার অন্য পিঠ দেখল বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তর দল এবার জিম্বাবুয়ের বিপক্ষে হারল। তবে এ হার তো শুধু হার নয়, ব্লেসিং মুজারাবানি-নিউম্যান নিয়ামহুরিরা রীতিমতো নাস্তানাবুদ করল টাইগার ব্যাটারদের। বাংলাদেশের ব্যাটিং লাইনকে তছনছ করে দিয়ে ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

হারারেতে বাংলাদেশকে ইনিংস এবং ৮৫ রানে হারিয়ে এক ম্যাচের সিরিজ জিতেছে জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় হয় বাংলাদেশের। ৩ উইকেটে ১১৩ রান থেকে ১৪০ রানে অলআউট হয় টাইগাররা। ওই ইনিংসে একমাত্র মুমিনুল হক ছাড়া আর কেউ উল্লেখযোগ্য ব্যাটিং করতে পারেননি। মুমিনুল ৮১ বলে ৬০ রান করেন।

জবাব দিতে নেমে শুরুটা দুর্দান্ত হয় জিম্বাবুয়ের। দুই ওপেনারই গড়েন ৮৯ রানের জুটি। শতকের দেখা পান ইনোসেন্ট কায়া। ২২৭ বলে কায়ার ১৪০ রানের ওই ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন এবং ওয়েসলি মাধেভেরে ব্যাট হাতে স্বাগতিকদের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ৩ জনই পেয়েছেন ফিফটির দেখা। বেনেট ৫৯, আরভিন ৬০ এবং মাধেভেরে ৭৭ রান করেন। তাদের গুরুত্বপূর্ণ সংগ্রহের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪১০ রানে থামে জিম্বাবুয়ে।

২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে এবারও ভালো শুরু পায়নি বাংলাদেশ। দুই ওপেনার ফিরেছেন ৪১ রানের মধ্যে। গতকাল (২৯ জুন) দ্বিতীয় দিনের শেষদিকেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। আজ দিনের দ্বিতীয় ওভারে আউট হন মাহমুদুল হাসান জয়।

আগের ইনিংসের সবচেয়ে ভালো ব্যাটার মুমিনুল হকও এবার বেশিক্ষণ টিকতে পারলেন না। দলীয় ৪৬ রানে বিদায় নেন তিনি। চতুর্থ উইকেটে ৬৩ রানের একটি জুটি গড়ে খানিকটা আশা জুগিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। তবে নিয়ামহুরির দুর্দান্ত একটি ইয়োর্কারে শান্ত ফিরলে সেই লড়াই থামে। ৪১ বলে ৩০ রান করেন শান্ত।

সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিক ৩৪ রান করে আউট হন দলীয় ১১৭ রানে। মূলত সেখানেই ম্যাচে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়। অভিষিক্ত অমিত হাসান ২৫ বলে ২৫ রান করে ব্যবধান কমিয়েছেন কিছুটা।

দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি। এই ইনিংসে ৪ উইকেট পাওয়া এই পেসার প্রথম ইনিংসে নিয়েছেন ২ উইকেট। রিচার্ড এনগারাভা নিয়েছেন ৩ উইকেট, প্রথম ইনিংসে তার উইকেট দুটি। এছাড়া প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া নিয়ামহুরি এই ইনিংসে নিয়েছেন ২ উইকেট।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading