হালান্ডের মঞ্চে হানা দিতে পারবে আইভরি কোস্ট?
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৩০ জুন) ২০২৬, আপডেট ২২:৩০
ডালাসে আলো থাকবে আর্লিং হালান্ডের ওপর। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) রাত ১১টায় আইভরি কোস্টের মুখোমুখি হবে তার দল নরওয়ে। ওই আলো কেড়ে নেওয়ার চেষ্টা করবেন ২২ বছরের আইভরিয়ান ফরোয়ার্ড ওসমান ডিয়ামন্ডে।
হালান্ড গ্রুপ পর্বের দুই ম্যাচে ৪ গোল করেছেন। ফ্রান্সের বিপক্ষে তাকে বিশ্রামে রেখেছিলেন নরওয়ে গোল সোলবাকেন। অপর দিকে রক্ষণের শক্তি দেখিয়ে নকআউটে এসেছে আইভরি কোস্ট। ইকুয়েডর ও কুরাসাওয়ের বিপক্ষে ক্লিন শিট রেখে ম্যাচ জিতেছে তারা। জার্মানির বিপক্ষে ২-১ গোলে হারলেও শক্তির জানান দিয়েছে।
দুই দলের খেলোয়াড় প্রোফাইল, র্যাঙ্কিং ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে পিছিয়ে রাখার সুযোগ নেই কোন দলকে। নরওয়ে (২৩) ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও নকআউটে আইভরি কোস্টের (৩১) সঙ্গে বলার মতো পার্থক্য নেই।
বরং একজন হালান্ড কিংবা মার্টিন ওডেগার্ডের তুলনায় আইভরি কোস্টে পরিচিত নাম যেন বেশি। ডিয়ামন্ডে,নিকোলাস পেপে, ফ্রাঙ্ক কেসি, সেকো ফোফানারা ইউরোপের ফুটবলে পরিচিত নাম। আছেন ম্যানইউ’তে খেলা আমাদ দিয়েলো। সব মিলিয়ে লড়াইটা একপেশে হওয়ার সুযোগ কম।
ইউডি/এবি

