রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার আমদানি হবে, ব্যয় ৩৫১ কোটি টাকা

রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার আমদানি হবে, ব্যয় ৩৫১ কোটি টাকা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, আপডেট ০৯:২০

দেশের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে প্রায় ৩৫১ কোটি ২৬ লাখ টাকা।

সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এ চালান আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১৬৩ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা। প্রতি টন সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮০ মার্কিন ডলার।

এছাড়া একই বৈঠকে কানাডা থেকে আরও ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১৮৭ কোটি ৩৪ লাখ টাকা। এখানেও প্রতি টন সারের মূল্য ধরা হয়েছে ৩৮০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান রাষ্ট্রীয় চুক্তির আওতায় আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সার আমদানির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি খাতে সারের চাহিদা পূরণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এসব সার আমদানি করা হচ্ছে।

সব মিলিয়ে দুই দেশ থেকে ৭৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ৩৫১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading