স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দাম
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, আপডেট ১১:০০
দুই দফা কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা এবং রূপার দাম ভরিতে ২৯২ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। স্থানীয় বাজারের আগে দাম বেড়েছে বৈশ্বিক বাজারে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯৮২ ডলার।
নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা।
ইউডি/কেএস

