বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, আপডেট ১৮:৩৫
পটুয়াখালীর বাউফলে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৫ হাজার ৮৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের ধানের বীজ, রাসায়নিক সার, সবজির বীজ এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি। কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, উন্নত বীজ, সার ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকের আয়ও বাড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন জানান, কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া ১ হাজার ৫০৫ জন কৃষকের মধ্যে লেবুসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা এবং ৩৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
ইউডি/রেজা/রুবেল

