বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ কি না, রায় ৯ জুলাই
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০২ জুলাই) ২০২৬, আপডেট ২১:৩০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। আগামী ৯ জুলাই এ বিষয়ে রায় ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২ জুলাই) শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন নির্ধারণ করেন।
আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে এই আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
মামলার বিবরণ ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছিল। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার। হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ার নির্দেশ দেন।
ইউডি/এবি

