জুলাই নিয়ে এমপি মনির বক্তব্য ‘অযাচিত’: ছাত্রদল সভাপতি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০২ জুলাই) ২০২৬, আপডেট ২২:০০
জুলাই আন্দোলন নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক একটি বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ও ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনের নেতৃত্ব এবং হত্যাকাণ্ডের ধরন নিয়ে বেশ কিছু বিতর্কিত প্রশ্ন তোলেন, যা ছাত্রদলের এ কঠোর প্রতিক্রিয়ার কারণ।
টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি প্রশ্ন তোলেন, জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছিলেন কারা? তিনি বলেন, ‘অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ অনেক কিছু বললে অনেকের কাপড়-চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে, তারা কখন কোথায় কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল?’
আলোচনার এক পর্যায়ে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ পুলিশের কাছে স্নাইপার ছিল না, পুলিশের কাছে স্নাইপার নেই।
ইউডি/এবি

