গাইবান্ধায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২৫ পরীক্ষার্থী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, আপডেট ১৯:৫০
গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিতদের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় কেন্দ্রটির দুটি কক্ষে বসা নিয়মিত পরীক্ষার্থীদের কাছে ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হয়।
পরীক্ষা শেষে লিখিত প্রশ্নপত্র মিলিয়ে দেখার পর বিষয়টি নিশ্চিত হন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
কেন্দ্রটির দুটি কক্ষে সাঘাটা উপজেলার উদয়ন মহিলা ডিগ্রি কলেজ এবং ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ২৫ জন পরীক্ষার্থী ছিলেন।
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার বিষয়ে কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ এস এম আসাদুল ইসলাম জানান, যে প্রশ্নপত্রেই পরীক্ষা নেয়া হোক, সেই প্রশ্নপত্রের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। সমস্যাটি নিয়ে শিক্ষা বোর্ডের সঙ্গে কথা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান জানান, বোর্ডের নির্দেশনা অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে বসানোর কথা। পাশাপাশি প্রশ্নপত্র বিতরণের আগে তা যথাযথভাবে যাচাই বাছাই করে বিতরণের নির্দেশনা রয়েছে।
ইউডি/রেজা

