এফডিসিতে শিল্পী সমিতির ভোট আজ

এফডিসিতে শিল্পী সমিতির ভোট আজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, আপডেট ০৮:০০

নির্বাচনী উত্তাপে সরগরম এফডিসি। আজ শুক্রবার (৩ জুলাই), অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের বহুল আলোচিত দ্বিবার্ষিক নির্বাচন। এবারের ভোটযুদ্ধে মুখোমুখি দুটি প্যানেল। একদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্যদিকে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা সানু ও জয় চৌধুরী। কে পাচ্ছেন শিল্পীদের আস্থা, সেটিই নির্ধারণ হবে ভোটের লড়াইয়ে।

আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খল অভিনেতা কামরুজ্জামান কমল। এই প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।

এদিকে শিবা সানু-জয় চৌধুরী পরিষদে সহ-সভাপতি পদে লড়ছেন ডি এ তায়েব ও চিত্রনায়িকা রোজিনা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে লড়ছেন জাদু আজাদ। এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য প্রার্থীরা হলেন আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েস আরজু ও কাবিলা।

জানা গেছে, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ৫৭৩ ভোটার দুটি প্যানেল থেকে আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নেতৃত্বের জন্য পছন্দের প্রার্থী বেছে নেবেন। এবারের নির্বাচনে প্রধান কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading