চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী বিটকয়েন-ইথারের দাম, চাপে বাইন্যান্স
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, আপডেট ১২:০৭
ক্রিপ্টোকারেন্সির বাজারে আবারও চাহিদা বাড়তে শুরু করায় ঊর্ধ্বমুখী হয়েছে বিটকয়েনের দাম। একই ধারায় বেড়েছে ইথারের মূল্যও। অন্যদিকে, বাইন্যান্স ধারাবাহিকভাবে দর হারালেও শক্ত অবস্থানে রয়েছে সোলানা।
চাহিদা বাড়ায় আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকনোমিকসের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে ২ শতাংশের বেশি দাম বেড়ে শুক্রবার (৩ জুলাই) একেকটি বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে ৬১ হাজার ২৯২ ডলার।
তবে চার সপ্তাহ আগের তুলনায় বিটকয়েনের দাম এখনও ৩ দশমিক ৭৭ শতাংশ কম। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, চলতি প্রান্তিক শেষে একেকটি বিটকয়েনের দাম ৬০ হাজার ৫০০ ডলারে থাকতে পারে। আর বছরের শেষদিকে তা বেড়ে ৬৮ হাজার ৩০ ডলারে পৌঁছাতে পারে।
একই চিত্র দেখা গেছে ইথারের বাজারেও। এক সপ্তাহে ইথারের দাম বেড়েছে ৮ দশমিক ২৫ শতাংশের বেশি। তবে মাসের হিসাবে এর দাম কমেছে সাড়ে ৩ শতাংশের বেশি। বর্তমানে একেকটি ইথার বিক্রি হচ্ছে ১ হাজার ৭০৩ ডলারে।
অন্যদিকে, বিটকয়েন ও ইথারের দাম বাড়লেও ধারাবাহিক চাপের মধ্যে রয়েছে বাইন্যান্স। এক সপ্তাহে এর দাম কমেছে ১ দশমিক ২৯ শতাংশ এবং এক মাসে কমেছে ৭ শতাংশের বেশি। শুক্রবার সকালে একেকটি বাইন্যান্স মুদ্রা লেনদেন হয়েছে ৫৬১ ডলারে।
এদিকে, দামের দিক থেকে শক্ত অবস্থানে রয়েছে সোলানা। গত এক সপ্তাহে এটির দাম বেড়েছে ১২ দশমিক ১৯ শতাংশ এবং এক মাসে বেড়েছে ১৭ দশমিক ২১ শতাংশ। বর্তমানে একেকটি সোলানা বিক্রি হচ্ছে প্রায় ৮১ ডলারে।
ইউডি/কেএস

