চলছে শিল্পী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে, এফডিসিতে প্রাণবন্ত ভোটের পরিবেশ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, আপডেট ১২:৪৮
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে জুমার নামাজের বিরতির কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন ঘিরে শিল্পীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এফডিসি এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু জানিয়েছেন, ভোটগ্রহণ শেষে রাতে ব্যালট গণনা শুরু হবে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রাতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে সভাপতি পদে লড়ছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান এবং সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী।
এ ছাড়া সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দুই প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী লড়ছেন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ খান।
উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল দায়িত্ব পালন করলেও এবার তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে এবারের নির্বাচনের মাধ্যমে শিল্পী সমিতিতে আসছে নতুন নেতৃত্ব।
ইউডি/রেজা

