আমার কাছে ভোটাররাই সবার আগে: শিরিন শিলা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, আপডেট ১৭:১৭
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার (৩ জুলাই) উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এফডিসি প্রাঙ্গনে। আগামী দুই বছরের জন্য নিজেদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে সকাল থেকেই ব্যালটের মাধ্যমে রায় দিচ্ছেন রূপালি পর্দার তারকারা। এবারের নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। শিবা সানু-জয় চৌধুরী পরিষদ থেকে ২২ নম্বর ব্যালট নিয়ে ভোটের মাঠে লড়ছেন তিনি। নির্বাচনী মাঠে ভোটারদের মন জয়ে এদিন ভীষণ ব্যস্ত সময় পার করেন এই অভিনেত্রী।
ভোটের দিন এফডিসি প্রাঙ্গণে গণমাধ্যমের ক্যামেরার মুখোমুখি হলেও নির্বাচনী ব্যস্ততার কারণে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান শিরিন শিলা। সাংবাদিকদের এড়িয়ে নিজের ভোটারদের দিকে ছুটে যাওয়ার সময় তিনি বলেন, ভাই আমার ভোটাররা সব চলে যাচ্ছে। আজকে কথা হচ্ছে নো ইন্টারভিউ, নো ক্যামেরার সামনে। অনলি আমার ভোটাররা হচ্ছে আজকে ফার্স্ট প্রাইয়োরিটি।
মূলত সাক্ষাৎকার দেওয়ার চেয়ে নিজের ভোটারদের ধরে রাখতে এবং তাদের সাথে জনসংযোগ করতেই পুরোটা সময় এফডিসি প্রাঙ্গণে তৎপর দেখা গেছে তাকে।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়া শিরিন শিলা মূলত ২০১৪ সালে ‘হিটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। রূপালি পর্দায় আসার পূর্বে তিনি ‘গুলশান এভিনিউ’, ‘রঙের মেলা’র মতো জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন। প্রথম চলচ্চিত্রের জন্য ‘সেরা নবীন অভিনয়শিল্পী’ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পাওয়া এই অভিনেত্রী চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপনে ও মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তার সঙ্গে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। অন্যদিকে, নির্বাচন-পরবর্তী যেকোনো জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
ইউডি/রেজা

