জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ জুলাই, ২০২৬, আপডেট ১৪:৫০

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট যে অর্জন তা কোনো একক ব্যক্তি কিংবা দলের নয়, এই অর্জন দেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় মানুষের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের প্রমুখ।

প্রধানমন্ত্রী বলেন, যারা জুলাই আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন, স্বজন হারিয়েছেন তাদের জন্য রাষ্ট্র তার সামর্থ্যমতো মূল্যায়নের চেষ্টা করবে। আপনাদের প্রতি যারা অন্যায়, অবিচার করেছে তাতে জড়িতদের দেশের আইন অনুযায়ী বিচার হবে। তবে বিচারের আগ খেয়াল রাখতে হবে যাতে কারও প্রতি অবিচার না হয়।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ ও আকুতি শুনে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে প্রাণ হারানো কয়েকজন শহীদের পরিবারের সদস্য মঞ্চে এসে তাদের সন্তান ও স্বজনদের হারানোর লড়াকু দিনগুলোর স্মৃতি তুলে ধরেন। এ সময় এক শহীদ জননী তার সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের পাশাপাশি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও তার অশ্রু ধরে রাখতে পারেননি। এ সময় প্রধানমন্ত্রীর দু’চোখে পানি টলমল করতে দেখা যায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading