সাতক্ষীরায় র্যাবের অভিযানে ১৮ লাখ টাকার মাদক ও ইন্ডিয়ান পণ্য জব্দ, গ্রেপ্তার ১
উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৩৮
সাতক্ষীরার শ্যামনগরে র্যাব অভিযান চালিয়ে দুটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ইন্ডিয়ান ফেনসিডিল সাদৃশ্য মাদক, ওষুধ ও পাতার বিড়িসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।
রবিবার (৫ জুলাই) সকালে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার মথুরেশপুর এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা।
র্যাব জানায়, ইন্ডিয়া থেকে অবৈধ পথে মাদকের একটি বড় চালান এনে উপজেলার মথুরেশপুর এলাকা থেকে কাভার্ড ভ্যান যোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখানে থাকা মাদক বহনে ব্যবহৃত দুটি ব্যাটারি চালিত ছোট কাভার্ড ভ্যান থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ উইনকেরেক্স, এসকাপ ও ফেয়ারডিল, ১ হাজার ৫০০ পাতা ইন্ডিয়ান এল-হিস্ট মন্ট ওষুধ, ৬০ পাতা আলফা-কেটোজোক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ইন্ডিয়ান বাপ্পা বিড়ি জব্দ করা হয়।
এসময় মাদক চোরাকারবারি আব্দুল মজিদ শেখকে গ্রেপ্তার করা হয়। তবে, তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হননি।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, ,এ ঘটনায় জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
ইউডি/রেজা

