নরওয়ে ম্যাচের একাদশ ঘোষণা ব্রাজিলের

নরওয়ে ম্যাচের একাদশ ঘোষণা ব্রাজিলের

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জুলাই, ২০২৬, আপডেট ০১:০০

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ও হাইভোল্টেজ ম্যাচে আজ নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ২৬ বছর পর টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা করে নেওয়া ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে দুই দল। আর্লিং হলান্ডদের বিপক্ষে এ ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে সেলেসাওরা।

আজকের এই নকআউটের লড়াই ব্রাজিলের জন্য যতটা না কোয়ার্টার ফাইনালে ওঠার, তার চেয়েও বেশি নিজেদের পুরনো ‘ভূত’ তাড়িয়ে অভিশাপ মুক্ত হওয়ার। ফুটবল ইতিহাসে নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েও কখনো জয়ের মুখ দেখেনি সেলেসাওরা (দুটি ড্র ও দুটি হার)। যার মধ্যে সবচেয়ে বড় ক্ষত হয়ে আছে ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের কাছে ২-১ গোলের সেই বিখ্যাত পরাজয়।

ইতিহাস বদলে হেক্সা মিশনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ ব্রাজিল মাঠে নামছে শক্তিশালী একাদশ নিয়ে। গোলবারের নিচে বিশ্বস্ত হাত অ্যালিসন বেকারই থাকছেন আজও। রক্ষণভাগে সেন্টার-ব্যাক হিসেবে মারকিনিয়োস ও গ্যাব্রিয়েলের রসায়ন বেশ জমজমাট। এ দুজনও থাকছেন তাই। দুই ফুল-ব্যাক দানিলো ও সান্তোস রক্ষণ সামলানোর পাশাপাশি থাকছেন উইং দিয়ে আক্রমণ চালানোর দায়িত্বে।

মাঝমাঠের রক্ষণ ও সৃজনশীলতার ভারসাম্য রক্ষা করতে ‘ডাবল পিভট’ হিসেবে থাকছেন কাসেমিরো ও ব্রুনো গিমারেস। তবে ব্রাজিলের ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ এই মাঝমাঠেই এনেছেন একটি পরিবর্তন। জাপানের বিপক্ষে ম্যাচে চোট [এয়েছিলেন লুকাস পাকেতা। তাঁর বদলে আজ শুরুর একাদশে ডাক পেয়েছেন গ্যাব্রিয়েল মার্তিনেলি।

আক্রমণে দুই উইংয়ে গতির ঝড় তুলবেন ভিনিসিয়ুস জুনিয়র ও রায়ান। বিশেষ করে ভিনির বর্তমান ফর্ম ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। আর গোলপোস্টের সামনে মূল স্ট্রাইকার হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাথেউস কুনিয়া। টুর্নামেন্টে আগের ম্যাচগুলোর মত আজও শুরুর একাদশে থাকছেন না নেইমার। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচে আজ তিনি বেশি সময় খেলতে পারবেন বলেই ধারণা করছেন সবাই।

ব্রাজিলের একাদশ: আলিসন, দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, সান্তোস, ব্রুনো গুইমারায়েস, কাসেমিরো, রায়ান, গ্যাব্রিয়েল মার্তিনেলি, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথেউস কুনিয়া।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading