রোনালদো কি ভাঙতে পারবেন স্পেনের বিপক্ষে হতাশার রেকর্ড

রোনালদো কি ভাঙতে পারবেন স্পেনের বিপক্ষে হতাশার রেকর্ড

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জুলাই, ২০২৬, আপডেট ০১:৩৫

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে এবার প্রতিবেশী দুই দেশ পর্তুগাল ও স্পেন মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে পর্তুগালের সবচেয়ে বড় ভরসা ক্রিশ্চিয়ানো রোনালদো হলেও স্পেনের বিপক্ষে তার অতীতের পরিসংখ্যান মোটেও স্বস্তিদায়ক নয়।

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে দারুণ লড়াই করে জয় পায় পর্তুগাল। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার প্রথম গোল। পরে অতিরিক্ত সময়ে গনসালো রামোসের জয়সূচক গোলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে পর্তুগাল।

এবার তাদের সামনে অপেক্ষা করছে তরুণ তারকা লামিন ইয়ামালের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। একদিকে অভিজ্ঞ রোনালদো, অন্যদিকে তরুণ ইয়ামাল এই দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

তবে স্পেনের বিপক্ষে রোনালদোর অতীতের রেকর্ড তার জন্য সুখকর নয়। ক্যারিয়ারে স্পেনের মুখোমুখি হয়েছেন ১০ বার। এর মধ্যে জিততে পেরেছেন মাত্র দুই ম্যাচে। প্রথম জয়টি আসে ২০০৪ সালে, আর সর্বশেষ জয় ২০২৫ সালে। মাঝের সবগুলো ম্যাচে হয় হারতে হয়েছে, নয়তো ড্র করতে হয়েছে রোনালদোদের।

স্পেনের বিপক্ষে রোনালদোর সবচেয়ে স্মরণীয় ম্যাচ অবশ্য ২০১৮ সালের বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই রোমাঞ্চকর লড়াই ৩-৩ গোলে ড্র হয়েছিল। ওই ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। যোগ করা সময়ে তার অসাধারণ এক ফ্রি-কিকের গোল পর্তুগালকে হার থেকে বাঁচিয়েছিল। সেই ম্যাচ এখনো বিশ্বকাপের অন্যতম স্মরণীয় লড়াই হিসেবে বিবেচিত হয়।

ইতিহাসে স্পেনই বেশি সফল হলেও সর্বশেষ দেখায় জয় পাওয়ায় আত্মবিশ্বাসী থাকতে পারে পর্তুগাল। সেই সাফল্য এবারও পুনরাবৃত্তি করতে পারলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে তারা।

এবারের বিশ্বকাপে দুই দলের শুরুটা প্রত্যাশামতো হয়নি। পর্তুগাল প্রথম ম্যাচে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে। অন্যদিকে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে স্পেন।

দ্বিতীয় ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় দুই দলই। পর্তুগাল ৫-০ গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দেয়। স্পেনও ৪-০ গোলে হারায় সৌদি আরবকে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করে নিজেদের গ্রুপে দ্বিতীয় হয় পর্তুগাল। অন্যদিকে উরুগুয়েকে হারিয়ে গ্রুপসেরা হয় স্পেন।

নকআউট পর্বেও দুই দলের জয়ের ধরনে ছিল পার্থক্য। পর্তুগালকে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়েছে। অন্যদিকে স্পেন ৩-০ গোলে সহজেই অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে।

এখন পর্যন্ত পুরো আসরে একটি গোলও হজম করেনি স্পেন। অন্যদিকে পর্তুগাল নিয়মিত গোল করে নিজেদের আক্রমণভাগের শক্তির প্রমাণ দিয়েছে। তাই শেষ ষোলোর এই লড়াইয়ে স্পেনের শক্ত রক্ষণ আর পর্তুগালের ধারালো আক্রমণের দ্বৈরথই হতে যাচ্ছে ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় দিক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading