সাতক্ষীরায় প্রকল্প শেষ হলেও ১৩ বিদ্যালয়ে ভবন নির্মাণ শেষ হয়নি

সাতক্ষীরায় প্রকল্প শেষ হলেও ১৩ বিদ্যালয়ে ভবন নির্মাণ শেষ হয়নি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জুলাই, ২০২৬, আপডেট ১৯:৫৩

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের মেয়াদ গত ৩০ জুন শেষ হলেও সাতক্ষীরা জেলায় এখনো ১৩টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত মোট ১৩০টি বিদ্যালয়ের মধ্যে ১১৭টির কাজ শেষ হলেও বাকি এ সব বিদ্যালয়ের নির্মাণকাজ ঝুলে আছে।

যেসব বিদ্যালয়ের কাজ এখনো শেষ হয়নি, সেগুলো হলো— আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়; তালা উপজেলার শিরাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; শ্যামনগর উপজেলার বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা সদর উপজেলার লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী বলেন, ২০২৪ সালে কাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাকি কাজ কীভাবে সম্পন্ন হবে, এ নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, বিদ্যালয় ভবন নির্মাণে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা জরুরি। তিনি জানান, প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে কাজ যথাযথভাবে বুঝে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading