বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপস চালু
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, আপডেট ১৫:১৫
বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সংক্রান্ত সমস্যা নিরসনে নাগরিকদের সম্পৃক্ত করতে ‘ক্লিন কেয়ার’ নামের একটি অ্যাপস চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
নাগরিকরা এই অ্যাপের মাধ্যমে সহজেই বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সংক্রান্ত সমস্যা সহজেই সিটি করপোরেশনকে জানাতে পারবেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্য সমাধানও পাবেন বলে জানিয়েছে ডিএসসিসি।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নগরভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপসটি উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনকালে প্রশাসক বলেন, এই অ্যাপস চালুর মধ্য দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা সনাতন পদ্ধতি থেকে একটি ডিজিটাল যুগে নিয়ে যাওয়ার যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, আপনার বাসার ময়লা নিচ্ছে না বা ময়লার টাকা বেশি নিচ্ছে। অ্যাপসে গিয়ে ক্লিক করলেই অভিযোগ জানাতে পারবেন। এবং অভিযোগ নিষ্পত্তির সবকিছু ঘরে বসেই জানতে পারবেন তারা।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের শহরগুলো শুধু ময়লা পরিষ্কারই করে না, তারা বর্জ্যের ডাটা বিশ্লেষণ করে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আমরাও এই অ্যাপের মাধ্যমে ডাটা বিশ্লেষণ করবো। সে অনুযায়ী আমরা দেখবো কোথায় লোকবল বাড়াতে হবে, কোথায় গাড়ি বাড়াতে হবে- এগুলো আমরা করবো। অ্যাপসের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের ট্যাগও করা হবে।
এক প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, অ্যাপসটি আপাতত তৃতীয়পক্ষের মাধ্যমে পরিচালিত হবে। তবে দেড় থেকে দুই মাসের মধ্য অ্যাপসটি পরিচালনার নিয়ন্ত্রণ সিটি করপোরেশন নেবে।
ডিএসসিসি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার বলেন, নাগরিকরা অভিযোগ দিলে সরাসরি সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তার কাছে পৌঁছে যাবে। তিনি বিষয়টি ব্যবস্থা গ্রহণ করবেন, এসব বিষয় অভিযোগকারীও জানবেন।
অনুষ্ঠানে ডিএসসিসি সচিব জয়নুল আবেদীন, সিস্টেম এনালিষ্ট আবু তৈয়ব রোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইউডি/কেএস

