কাঁচপুর বাস টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নীতিগত অনুমোদন
উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ জুলাই, ২০২৬, আপডেট ১৮:৫৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন কাঁচপুর বাস টার্মিনালের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সিসিইএ’র ২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাঁচপুর বাস টার্মিনালে যাত্রীসেবা ও পরিচালনাগত সুবিধা বাড়াতে শেড, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষসহ প্রয়োজনীয় অন্যান্য স্থাপনা নির্মাণের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে কমিটিতে উপস্থাপন করা হয়।
বৈঠকে প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এ প্রকল্পের অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
কর্মকর্তারা জানান, কাঁচপুর বাস টার্মিনালের যাত্রীসেবা উন্নয়ন, পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্প বাস্তবায়ন হলে টার্মিনালে যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা আসবে বলে আশা করা হচ্ছে।
ইউডি/রেজা

