বৃষ্টিতে ডুবল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কিলোমিটারজুড়ে যানজটে দুর্ভোগ

বৃষ্টিতে ডুবল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কিলোমিটারজুড়ে যানজটে দুর্ভোগ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, আপডেট ১২:৪৫

টানা বর্ষণে গাজীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে মহাসড়কের বিভিন্ন অংশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বুধবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির কারণে টঙ্গী স্টেশন রোড, কলেজ গেট, গাজীপুরা, তারগাছ, বড়বাড়ি ছয়দানা, বাসন সড়ক, চৌধুরী বাড়ি ও ভোগড়া এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টির পানি সড়কে জমে থাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ তলিয়ে যায়। ফলে সকাল থেকেই যানবাহনগুলোকে অত্যন্ত ধীরগতিতে চলাচল করতে হয় এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের পাশে থাকা ড্রেনগুলো দিয়ে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় সড়কে পানি জমে থাকে। এ কারণেই প্রতিবছরের মতো এবারও সামান্য ভারী বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ এই মহাসড়কে জলাবদ্ধতা ও যানজটের সমস্যা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের চিত্র দেখা যায়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা দীর্ঘ সময় সড়কে আটকা পড়ে দুর্ভোগে পড়েন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) তরিকুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এ কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মাঠে কাজ করছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading