সেমিতে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড, খেলা কবে কখন
উত্তরদক্ষিণ। রবিবার, ১২ জুলাই, ২০২৬, আপডেট ১০:৪০
আর্জেন্টিনার বিপক্ষে কানসাসে লড়াইটা ভালোই জমিয়েছিল সুইজারল্যান্ড। তবে দশজনের দল নিয়ে অতিরিক্ত সময়ে বেশিদূর আগাতে পারেনি সুইসরা, উল্টো হজম করেছে আরও দুই গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে দলটি। তাতে আরেকবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো আর্জেন্টিনা।
শেষ চারে মেসিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী ১৬ জুলাই আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় হবে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। আগের রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। সেমিতে আর্জেন্টিনাকে হারাতে পারলে ৬০ বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংলিশরা।
গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রেখেছিল আর্জেন্টিনা। শেষ বত্রিশে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কষ্টার্জিত জয় তুলে নেন মেসিরা। শেষ ষোলোতে টুর্নামেন্টের সেরা ম্যাচটাই যেন খেলেছিল আলবিসেলেস্তেরা। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকার পরেও সেই ম্যাচে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় তুলে নেয় স্কালোনির শিষ্যরা।
নকআউটের দুই বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থামে ম্যাচ। পরে অতিরিক্ত সময়ে সুইসদের জালে দুইবার বল গড়ায় মেসির দল। তাতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ আগেই থেকেই নিশ্চিত ছিল। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় আধুনিক ফুটবলের জনক ইংল্যান্ড। তাতে সেমিফাইনালের জায়গা নিশ্চিত হয়েছিল ইংলিশদের। এবার ফাইনালে পা রাখার লড়াইয়ে হ্যারি কেইনরদের মুখোমুখি হবেন মেসিরা।
ইউডি/কেএস

