আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
উত্তরদক্ষিণ। রবিবার, ১২ জুলাই, ২০২৬, আপডেট ১৩:২০
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং পরিচ্ছন্ন, দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সর্বমহলে সমাদৃত ছিলেন। ফ্যাসিবাদী আমলে জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ যাদের বিরুদ্ধে আইনি হয়রানি চালানো হয়েছিল, সে সময় তিনি তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে দাঁড়িয়েছেন। কোনো দিন আমরা জোর করেও তাকে কোনো ফি দিতে পারিনি। তিনি বলতেন, ‘এটি আমার নৈতিক দায়িত্ব—এই মজলুমদের পাশে দাঁড়ানো।’ আমরা তার কাছে গভীর কৃতজ্ঞ।”
পোস্টের শেষে তিনি মহান আল্লাহর কাছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
ইউডি/রেজা

