পর্যবেক্ষকদের সুপারিশ পর্যালোচনা করে সংস্কারে অগ্রাধিকার দেবে ইসি
উত্তরদক্ষিণ। সোমবার, ১৩ জুলাই, ২০২৬, আপডেট ০৯:২০
বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিদেশেই এনআইডি সেবা দেওয়ার লক্ষ্যে চলতি মাসে ফ্রান্সসহ তিনটি দেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করার কথা থাকলেও ‘আপাতত’ ফ্রান্সে কার্যক্রম শুরু করছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে অন্য দুটি দেশ বাহরাইন ও সিঙ্গাপুরে নির্ধারিত সময়ে শুরু হবে এ কার্যক্রম। রোববার (১২ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানিয়েছে আপাতত এনআইডি কার্যক্রম শুরু করার মতো প্রস্তুতি নেই। এজন্য দেশটিতে কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী ফ্রান্সের জন্য নির্ধারিত সময় ছিল চলতি মাসের ২০ তারিখে ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল ফ্রান্সে যাওয়ার কথা ছিল। সেখানে তারা সাত দিন অবস্থান করতেন। এছাড়া ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দলও যাওয়ার কথা ছিল দেশটিতে।
সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ১৩ তারিখে ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাবে বাহরাইনে। সেখানে তারা সাত দিন অবস্থান করবেন। এছাড়া ১৫ জুলাই ইসির আইডিয়া প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।
সিঙ্গাপুরের জন্য জারি করা সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ২৭ তারিখে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি দল সিঙ্গাপুরে যাবে। সেখানে তারা সাত দিন অবস্থান করবেন। এছাড়া ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।
জানা যায়, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট; এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়—মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে এনআইডি আবেদন নিয়ে দেশে যাচাই করে এনআইডি প্রিন্ট করে ইসি। এরপর তা দূতাবাসের মাধ্যমে আবার সংশ্লিষ্টদের এনআইডি সরবরাহ করে থাকে।
ইউডি/কেএস

