একটি শিশুর মতো গাছেরও পরিচর্যা করতে হবে: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। সোমবার, ১৩ জুলাই, ২০২৬, আপডেট ১২:২৫
একটি শিশুকে যেমন আদর-যত্নে বড় করে তুলতে হয়, তেমনি একটি গাছকেও পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, গাছের যত্ন নিশ্চিত করলেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত সুফল পাওয়া যাবে।
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে সরকার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছিল। সেই ধারাবাহিকতায় সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাংলাদেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ-জলবায়ুর যেসব সমস্যার মুখোমুখি বাংলাদেশ, তার সমাধানে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে সরকারপ্রধান বলেন, আগে যেমন শীত পড়ত এখন তেমন পড়ে না, আবার গরমও বেড়েছে। কোথাও অতিবৃষ্টি, কোথাও দীর্ঘ সময় বৃষ্টি নেই। এই পরিস্থিতির প্রভাব কমাতে সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তারেক রহমান বলেন, আজ আড়াই হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। তবে চারা লাগিয়েই চলে গেলে হবে না। একটি শিশুকে যেমন বড় করে তুলতে হয়, তেমনি গাছকেও পরিচর্যা করতে হবে। গাছ বড় হলে ছায়া দেবে, বিশুদ্ধ বাতাস দেবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।
পরিবেশের যত্ন নিতে ও যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশ সবার, তাই দেশের যত্ন সবার করতে হবে। দেশের পরিবেশ নষ্ট হলে দেশের ছোট-বড় সব মানুষেরই ক্ষতি।
সরকারপ্রধান বলেন, ‘আসুন, আমরা চেষ্টা করি, সেখানে–সেখানে আবর্জনা যেন না ফেলি।’
খাল-নদী রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, খাল ও নদীতে প্লাস্টিকের বোতল, পলিথিন ও আবর্জনা ফেলার কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বর্ষায় জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়ছে। খাল-নদী পরিষ্কার থাকলে তার সুফল স্থানীয় মানুষই ভোগ করবে।
ইউডি/কেএস

