অভিভাবক হিসেবে হরমুজ থেকে টোল নেবে আমেরিকা: ট্রাম্প
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, আপডেট ১১:১৩
এখন থেকে আমেরিকা আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালির ‘অভিভাবকের’ ভূমিকায় থাকবে এবং এই প্রণালি দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলো থেকে ২০ শতাংশ টোল আদায় করবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।
গতকাল আমেরিকার সম্প্রচার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবারের মতো আমেরিকাকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ উল্লেখ করে বলেন, “খুব শিগগিরই আমরা এই প্রণানিল নিয়ন্ত্রণ নেবো।”
এর কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি খোলা আছে, খোলা থাকবে। ইরান থাকুক আর না থাকুক। আর এখন থেকে আমেরিকা হরমুজ প্রণালির অভিভাবকের ভূমিকায় থাকবে।”
“এমন পরিস্থিতিতে (প্রণালিতে চলাচলরত পণ্যবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে) নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের দায়িত্ব যুক্তরাষ্ট্রের। এই দায়িত্ব নির্বাহের জন্য প্রয়োজনীয় যে ব্যয়— তা সংগ্রহ করতে (প্রণালিতে চলাচলকারী) পণ্যবাহী জাহাজগুলো ২০ শতাংশ হারে টোল আদায় করা হবে।”
তিনি বলেন, “এখন থেকে আমেরিকা ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হিসেবে পরিচিত হবে, কিন্তু সেই হিসেবে এবং ন্যায্যতার খাতিরে, নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের কাজটি সম্পাদনের জন্য প্রয়োজনীয় সকল খরচের জন্য প্রেরিত সমস্ত পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করা হবে।” তিনি আরও যোগ করেন যে, এর বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেন, “আমরা ইরানের বন্দরগুলোতে অবরোধ পুনরায় বলবৎ করেছি। তাই এখন থেকে ইরানের কোনো জাহাজ বা তাদের কোনো গ্রাহক হরমুজু প্রণালি ব্যবহার করে প্রবেশ কিংবা নির্গমণ করতে পারবে না। অন্য সব দেশের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি খোলা।”
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ বেঁধে যাওয়ার প্রায় ৩ মাস পর ১৭ জুন ইসলামাবাদ শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল আমেরিকা ও ইরান; কিন্তু গত ৫ জুলাই আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আইআরজিসি হামলা করার পর ফের উস্কে ওঠে আমেরিকা-ইরান সংঘাত, যা এখনও চলছে।
আমেরিকা ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের একটি বড় কারণ— হরমুজে চলাচলকারী বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো থেকে ইরানের টোল আদায়ের আকাঙ্ক্ষা। ইরান ঘোষণা দিয়েছিল, ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে উল্লিখিত ৬০ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ামাত্র হরমুজ থেকে টোল আদায় শুরু করবে ইরান।
সূত্র: এএফপি, ফার্স্টপোস্ট
ইউডি/কেএস

