সেমিফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির

সেমিফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, আপডেট ১১:২৫

বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শুধু মাঠের প্রস্তুতিই নয়, একটি স্মরণীয় অধ্যায়েরও ইতি টানল আর্জেন্টিনা। দীর্ঘদিনের অনুশীলন ঘাঁটি কানসাস সিটিকে বিদায় জানিয়ে অধিনায়ক লিওনেল মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন নিজের অনুভূতি। সেমিফাইনালের আগে এই বিদায় যেন নতুন লড়াইয়ের পথে দলের আনুষ্ঠানিক যাত্রার বার্তা।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে ইনস্টাগ্রামে কয়েকটি অনুশীলনের ছবি প্রকাশ করেন মেসি। ছবিগুলোর সঙ্গে ছোট্ট একটি বার্তায় তিনি লেখেন, “কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!” সংক্ষিপ্ত হলেও এই বার্তায় ফুটে ওঠে দলের দীর্ঘ সময়ের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই আর্জেন্টিনা নিজেদের বেজ ক্যাম্প হিসেবে কানসাস সিটিকে বেছে নিয়েছিল। গ্রুপ পর্বে বিভিন্ন শহরে ম্যাচ খেললেও প্রতিবারই দলটি আবার কানসাসে ফিরে এসে অনুশীলন ও প্রস্তুতি চালিয়ে গেছে। খেলোয়াড়দের বিশ্রাম, কৌশল নির্ধারণ এবং দলীয় পরিবেশ গড়ে তুলতে এই শহর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সেমিফাইনালের আগে দলের ঐতিহ্যবাহী বিদায়ী বারবিকিউ আয়োজনের মাধ্যমে কানসাস অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এরপর দলটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেয়।

নকআউট পর্বে অবশ্য আগের রুটিনে পরিবর্তন আসে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা মিয়মিতে অবস্থান করে। পরে মিশরের বিপক্ষে ম্যাচ খেলতে যায় আটলান্টায়। এরপর আরেকবার কানসাসে ফিরলেও সেটিই ছিল শেষবার।

এখন থেকে আর্জেন্টিনা আর কানসাসে ফিরবে না। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ফল যাই হোক, দলের পরবর্তী সফর হবে অন্য শহরে। তাই কানসাসকে বিদায় জানানোর মাধ্যমে বিশ্বকাপে আর্জেন্টিনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। এখন পুরো দলের লক্ষ্য একটাই, সেমিফাইনালের কঠিন পরীক্ষায় সফল হয়ে শিরোপার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নেওয়া।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading