হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ জুলাই, ২০২৬, আপডেট ১৪:০৫

হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে বাণিজ্যিক এই জলপথে চলাচলকারী পণ্যবাহী বেসামরিক জাহাজগুলো থেকে ২০ শতাংশ হারে টোল আদায়ের যে ঘোষণা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রত্যাহার করেছেন তিনি।

গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। ট্রুথ সোশ্যাল পোস্টে আমেরিকার প্রেসিডেন্ট আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে ট্রাম্প যদি হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল বাবদ টোল আদায় করা থেকে বিরত থাকে— তাহলে নিকট ভবিষ্যতে আমেরিকা বিপুল পরিমাণ বিনিয়োগ এবং বাণিজ্য বয়ে আনবে উপসাগরীয় দেশগুলো। এই প্রতিশ্রুতির পরেই হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি।

এ আগে ১৩ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা ও সুরক্ষা দেবে আমেরিকার নৌবাহিনী এবং এতে যে ব্যয় হবে— তা পূরণ করা হবে প্রণালিতে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলো থেকে ২০ শতাংশ হারে টোল আদায়ের মাধ্যমে।

এই ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত থেকে সরে গেলেন ট্রাম্প। ১৪ জুলাই ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, “মধ্যপ্রাচ্যের (উপসাগরীয় অঞ্চলের) নেতৃবৃন্দের সঙ্গে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকের পর আমি হরমুজ থেকে টোল আদায় না করার সিদ্ধান্ত নিয়েছি। এর পরিবর্তে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ এবং বাণিজ্য আমেরিকায় আসবে। মধ্যপ্রাচ্যের নেতারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন।”

কী পরিমাণ অর্থ মধ্যপ্রাচ্যের নেতারা আমেরিকার বিনিয়োগ করবেন— সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প, তবে ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, এই অর্থের পরিমাণ হবে বিপুল এবং এর ফলে আমেরিকা জুড়ে পণ্য প্রস্তুতকরণ, শিল্পোৎপাদন এবং কর্মসংস্থানের ‘ঐতিহাসিক উল্লম্ফন’ ঘটবে।

“এই বিনিয়োগ এলে আমেরিকার কারখানাগুলোর উৎপাদনে ঐতিহাসিক উল্লম্ফন ঘটবে এবং এর ফলে দেশজুড়ে লাখ লাখ উচ্চ –বেতনের কর্মসংস্থান সৃষ্টি হবে”, মঙ্গলবারের পোস্টে বলেছেন ট্রাম্প।

থেকে টোল আদায় থেকে সরে এলেও হরমুজ ইস্যুতে কোনো ছাড় দিতে একেবারেই নারাজ আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, হরমুজ এবং তার আশপাশে আমেরিকার নৌবাহিনীর টহল-নজরদারি অব্যাহত থাকবে এবং বিশ্বের অন্য সব দেশের জাহাজ চলাচল করতে পারলেও ইরানের কোনো জাহাজ হরমুজ ব্যবহার করতে পারবে না, এমনকি বন্দর ছেড়ে বাইরেও যেতে পারবে না।

“হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে যে পরিমাণ তেল পরিবহন করা হচ্ছে, অতীতে কখনও এমন হয়নি। এই কৃতিত্ব আমেরিকার সামরিক বাহিনীর এবং এজন্য ধন্যবাদ তাদের প্রাপ্য। ভবিষ্যতেও হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল অব্যাহত থাকবে, তবে ইরানের কোনো জাহাজ এই প্রণালি তো ব্যবহার করতেই পারবে না— এমনকি বন্দর ছেড়ে বাইরেও যেতে পারবে না। আর দেশটির যেসব জাহাজ বর্তমানে বাইরে আছে— সেগুলোও ইরানে প্রবেশ করতে পারবে না। ইরানের বন্দরগুলোতে সম্পূর্ণ অবরোধ পুনর্বহাল করা হয়েছে”, ট্রুথ সোশ্যাল পোস্টে বলেন ট্রাম্প।

সূত্র: এএফপি, ফার্স্টপোস্ট

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading