পরীক্ষা শেষে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের

পরীক্ষা শেষে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ জুলাই, ২০২৬, আপডেট ১৪:৫৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরুর আগে তারা সড়কে অবস্থান নেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দুপুর আড়াইটার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসে সড়কে অবস্থান নিচ্ছেন। একপর্যায়ে তারা সড়কের বিভিন্ন অংশে বসে পড়েন এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। চারপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সময় মোড়ের চারপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক— শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে— ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে— শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তিন দফা দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও ছিল।

আন্দোলনরত এক পরীক্ষার্থী বলেন, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, আজ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ করব। আমাদের দাবি এখনো মানা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

সাব্বির আহমেদ নামের সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছে। আমরা চাই সরকার আমাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক।

এর আগে গতকাল মঙ্গলবারও একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়, নীলক্ষেত, ঢাকা শিক্ষা বোর্ড এবং জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। পরে তারা ঘোষণা দেন, বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করবেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading