নতুন সিদ্ধান্ত বাতিল, গাড়ি রক্ষণাবেক্ষণে ৫০ হাজার টাকাই পাবেন আমলারা

নতুন সিদ্ধান্ত বাতিল, গাড়ি রক্ষণাবেক্ষণে ৫০ হাজার টাকাই পাবেন আমলারা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, আপডেট ০৯:২০

উপসচিব থেকে সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর প্রস্তাব থেকে শেষ পর্যন্ত সরে এসেছে সরকার। ফলে কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আর বাস্তবায়ন হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা আগের মতোই প্রতি মাসে ৫০ হাজার টাকা করে গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় পাবেন।

এর আগে গত ৯ জুলাই অর্থ বিভাগ থেকে গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকা করার অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় সেই চিঠিটি বাতিল করা হয়েছে। ইতোমধ্যে নতুন চিঠিও জারি করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন বলেন, ‘এ সংক্রান্ত চিঠিটি আমরা এখনো আনুষ্ঠানিকভাবে হাতে পাইনি। তবে যতটা জেনেছি, এ বিষয়ে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। ফলে আগের সিদ্ধান্তটি আর বাস্তবায়ন হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘খুব সম্ভবত বিষয়টি (গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা) আগের মতোই বহাল থাকছে। আর সেটি হলে আগের ওই চিঠি বাতিল হয়ে যাওয়ার কথা। তবে আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কোনো লিখিত নির্দেশনা পাইনি।’

এর আগে অর্থ বিভাগের পাঠানো চিঠিতে গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর যৌক্তিকতা তুলে ধরে বলা হয়েছিল, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে যে আর্থিক সহায়তা পাচ্ছেন, তা কিছুটা হ্রাস করার সুযোগ রয়েছে। মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় মাসিক ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছিল। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই ব্যয় সংকোচনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিল অর্থ বিভাগ।

প্রচলিত নিয়ম অনুযায়ী, সরকারের উপসচিব পদে পদোন্নতি পেয়ে কমপক্ষে তিন বছর পার করেছেন এমন কর্মকর্তা এবং তদোর্ধ্ব যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিবরা এই গাড়ি সুবিধা (প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা) পেয়ে থাকেন।

এই কর্মকর্তারা ব্যক্তিগত ব্যবহারের গাড়ি কেনার জন্য সরকারের কাছ থেকে সুদমুক্ত ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পান। এর পাশাপাশি গাড়ি রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও চালকের বেতন বাবদ মাসে ৫০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। এ ছাড়া গাড়ির ওপর বার্ষিক ১০ শতাংশ অবচয় (ডিপ্রিসিয়েশন) সুবিধাও পেয়ে থাকেন তারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading