গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, আপডেট ১৫:২১
গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। মুহূর্তেই সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শফিজল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এবং মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, আমাকে যদি জামালপুর ইউনিয়নের মানুষ সহযোগিতা করে, তাহলে হয়তো আমাকে ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। এরপর বক্তব্য শেষ করতে গিয়ে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্লোগান দেওয়ার পর মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতাসহ অন্য নেতাকর্মীরা তার দিকে তাকান। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে মুচকি হাসতে দেখা যায়। কিছুক্ষণ হাস্যরসের পরিবেশ তৈরি হয়। পরে শফিজল ইসলাম তাৎক্ষণিকভাবে ‘সরি’ বলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।
এরপর তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা, গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি এবং উপজেলা শাখার সদস্যসচিবসহ স্থানীয় নেতারা।
এ বিষয়ে শফিজল ইসলাম বলেন, দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশে বক্তব্যের শেষে ভুলবশত ‘জয় বাংলা’ বলে ফেলেছি। আমি আসলে বলতে চেয়েছিলাম ‘জামালপুর ইউনিয়নবাসীর জয় হোক’ বা ‘সাদুল্লাপুরবাসীর জয় হোক’। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
ইউডি/রেজা

