ক্ষতিগ্রস্ত পানচাষিদের পাশে থাকার আশ্বাস এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের

ক্ষতিগ্রস্ত পানচাষিদের পাশে থাকার আশ্বাস এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, আপডেট ১৫:৫৭

‎টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পানচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। গত ৯ জুলাই অতিবৃষ্টির কারণে একের পর এক পানের বরজ ধসে পড়ে। এতে কয়েকজন কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণ নিয়ে গড়ে তোলা বরজ নষ্ট হয়ে যাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

‎ক্ষতিগ্রস্ত কৃষক বেলায়েত খান (৭০) জানান, জীবনের সব সঞ্চয় পানের বরজে বিনিয়োগ করেছিলেন। কিন্তু ভারী বৃষ্টিতে বরজ ধসে পড়ায় তার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‎আরেক কৃষক মো. জাকির হোসেন গাজী (৫০) বলেন, ছয় সদস্যের সংসার ও তিন সন্তানের লেখাপড়ার খরচ সম্পূর্ণ পানের বরজের আয়ের ওপর নির্ভরশীল। বরজ তৈরির জন্য ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু বরজ ধসে পড়ায় তিনি এখন চরম সংকটে পড়েছেন।

‎ক্ষতিগ্রস্ত আরেক পানচাষি জাহাঙ্গীর হোসেন কালাই (৪০) জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে বরজ করেছিলেন। তার ছয় সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই পানের বরজ। বরজ ধসে পড়ায় তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‎স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সরকারি আর্থিক সহায়তা, কৃষি পুনর্বাসন এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হোক, যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন

‎আজ (১৭ জুলাই) সকাল ১০টার দিকে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বেলায়েত খান, মো. জাকির হোসেন গাজী ও জাহাঙ্গীর হোসেন কালাইসহ ক্ষতিগ্রস্ত পানচাষিদের খোঁজখবর নেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি সরেজমিনে দেখেন।

‎পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত তিন পান চাষিকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব। তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।” তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

ইউডি/রেজা/রুবেল

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading