অর্থমন্ত্রীর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত নেতাকর্মীর চাপে ভেঙে পড়ল মঞ্চ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, আপডেট ১৬:১৩
বন্যার্তদের ত্রাণ বিতরণের অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন বিএনপির আরও বেশ কিছু নেতা-কর্মী। হঠাৎ অর্থমন্ত্রীসহ সবাইকে নিয়েই ভেঙে পড়ে মঞ্চটি।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ঘটেছে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণের অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসার আগেই মঞ্চে স্থানীয় অনেক নেতা-কর্মীর ভিড় দেখা যায়। তাদের মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য মাইকে বেশ কয়েকবার ঘোষণাও দেওয়া হয়। এর মধ্যেই অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে এলে তাঁর সঙ্গে আরও কিছু নেতা-কর্মী মঞ্চে উঠে পড়েন। এর কয়েক মিনিট পরই মঞ্চটি ভেঙে পড়ে। এরপর ভাঙা মঞ্চটিতে দাঁড়িয়ে পাশের কয়েকজন ব্যক্তির হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। মঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত লোকজন ওঠায় মঞ্চ ভেঙে গেছে বলে ধারণা তার।
তিনি বলেন, আমি নিজেও ঘোষণা দিয়েছি মঞ্চে বেশি মানুষ না ওঠার জন্য। মানুষের ভারে মঞ্চ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, মঞ্চ ভেঙে গেছে বিষয়টি এমন না, মঞ্চের টেবিলগুলো আছে, সেগুলোর কয়েকটির পায়া বসে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। পরে অর্থমন্ত্রী মহোদয় সেই ভাঙা মঞ্চে দাঁড়িয়েই উপস্থিত কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ইউডি/রেজা

